
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার মেঘমল্লা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরও একজন।
দুর্ঘটনার খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, এনায়েতপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।
দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

