
আল আমিন খান সানি-বারহাট্টা উপজেলা প্রতিনিধি
পবিত্র ঈদ উল-আযহার আনন্দ শেষে কর্মস্থলে ফেরা সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বারহাট্টা উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। আজ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাস, সিএনজি ও অটোরিকশা চালকদের সতর্ক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এই জনবান্ধব অভিযানে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার। অভিযানে পরিবহন সংশ্লিষ্টদের সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযানের সময় ইউএনও সেলিনা আক্তারকে সরাসরি বাস কাউন্টার ও পরিবহন শ্রমিকদের সাথে কথা বলতে দেখা যায়। তিনি যাত্রীদের কোনোভাবেই যেন হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের স্পষ্ট নির্দেশনা প্রদান করেন।
যাত্রীরা প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করছেন যে, প্রশাসনের এই নিয়মিত নজরদারির ফলে ঈদ ফেরত যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

