
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মধ্যরাতে পুলিশি অভিযানে ১টি সচল দেশীয় এলজি বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ সিদ্দিকুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপরাধে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
গতকাল বুধবার (৩ জুন, ২০২৬) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানার তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আকানগর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল। রাত সোয়া ২টার দিকে একটি মোটরসাইকেলে তিন আরোহীকে আসতে দেখে পুলিশ তাদের থামানোর সংকেত দেয়। পুলিশি তৎপরতা টের পেয়ে মোটরসাইকেলটি থামার পূর্বেই দুই আরোহী দ্রুত পালিয়ে যেতে সক্ষম হলেও সিদ্দিকুর রহমান নামে একজনকে হাতেনাতে আটকে ফেলে পুলিশ।
পরবর্তীতে আটককৃত সিদ্দিকুর রহমানকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ১টি সচল লোহার তৈরি দেশীয় এলজি বন্দুক এবং ২ রাউন্ড সাদা রঙের কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং মোটরসাইকেলটি বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে।
অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া যুবকের নাম সিদ্দিকুর রহমান। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বরাইল (বর্তমান সাং- নুরজাহানপুর) গ্রামের আতিকুর রহমানের ছেলে।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মোটরসাইকেল থেকে পালিয়ে যাওয়া অপর দুই পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার নিশ্চিত করতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও তিনি জানান।

