
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা এলাকায় ২ মাসের শিশু সন্তানকে রেখে এক গৃহবধুকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
ভুক্তভোগী রুমা বেগমের ভাই নজিব আলী এ ঘটনায় বাদী হয়ে ২ জুন সকালে কুলাউড়া থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রুমা বেগমের স্বামী খালেদ মিয়া ও শাশুড়ি বিয়ের পর থেকেই বিভিন্নভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২ জুন তাকে মারধর করে ২ মাসের শিশু সন্তানকে নিজেদের কাছে রেখে তার বাবার বাড়ির পাশের এলাকায় ফেলে রেখে যায় বলে অভিযোগ করা হয়েছে।
পরে রুমা বেগমের ভাই ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে শিশু সন্তানকে উদ্ধারের দাবিতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগ পাওয়া গেছে এবং শিশুটিকে উদ্ধারের বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

