
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই। তিনি সোমবার (১ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আব্দুল মতিন দীর্ঘদিন ধরে কুলাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার পর জাতীয় সংসদ সদস্য হিসেবেও জনগণের প্রতিনিধিত্ব করেন।
রাজনীতির পাশাপাশি তিনি একজন সম্মানিত সমাজসেবক, সৎ ও সাদাসিধে মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। তাঁর কর্মময় জীবন ও অবদান কুলাউড়াবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হবে।
মরহুমের মৃত্যুতে কুলাউড়াবাসী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনদরদি নেতাকে হারালো। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।

