
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর এলাকার ইউপি সদস্য আব্দুল্লাহর (৫২) স্ত্রী (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই নারী তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে হরিপুর উপজেলার রাউতনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান। পরে সন্তানদের সেখানে রেখে তিনি স্থানীয় এক মাহাতের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
আজ সকালে সন্তানদের খোঁজ নিতে গিয়ে তার স্বামী জানতে পারেন, তিনি আর আত্মীয়ের বাড়িতে ফিরে আসেননি। এদিকে একই দিন সকালে হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ও প্রশাসনকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, মরদেহটির মুখ কাপড় দিয়ে শক্তভাবে পেঁচানো ছিল এবং শরীরের কিছু অংশ আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া যায়।
পরে নিহত নারীর স্বামী ঘটনাস্থলে এসে মরদেহটি তার স্ত্রীর বলে শনাক্ত করেন।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং মৃত্যুর রহস্য জানতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

