
সাকিব হাসান নাইম-ঘোড়াঘাট, দিনাজপুর :
দিনাজপুরের ঘোড়াঘাটে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বৈষম্যহীন ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন।
শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতে হবে। একই সঙ্গে আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান তিনি।
ডা. জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় মানুষের পাশে থাকার রাজনীতি করে। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে সহযোগিতা করলে মানুষ তা আজীবন মনে রাখবে।”
তিনি আরও বলেন, “সমাজে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সামাজিক শৃঙ্খলা ও সহমর্মিতার পরিবেশ তৈরি হলে দেশ আরও এগিয়ে যাবে।”
এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
এছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় সকল মসজিদ, মন্দির ও গির্জায় নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের ভারপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, রংপুর বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আমিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

