
মার্শাল হাসান-সখীপুর (টাঙ্গাইল ):
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “আমরা যেন বেকার তৈরির কারখানা তৈরি না করি। শুধু স্কুলের পর স্কুল প্রতিষ্ঠা করলেই হবে না, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেকটি ছেলে-মেয়েকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “আমাদের দেশে প্রচুর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখান থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী পাস করে বের হলেও অনেকেই বেকার থেকে যাচ্ছে। আমরা আর বেকার সৃষ্টি করতে চাই না। দক্ষ জনশক্তি তৈরি করতে হলে দেশে আরও বেশি টেকনিক্যাল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।”
মন্ত্রী বলেন, “বর্তমানে দক্ষতা ছাড়া বিদেশেও কর্মসংস্থানের সুযোগ কমে যাচ্ছে। যেসব দেশ জনশক্তি নেয়, তারাও এখন দক্ষ কর্মী চায়। অদক্ষ জনশক্তি দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তাই আমাদের দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।”
শুক্রবার (২৯ মে) বিকেলে সখীপুর উপজেলার দাড়িয়াপুর শাহাবুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি খোরশেদ আলম, ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন, ব্যবসায়ী মো. তোফাজ্জল হোসেন, সবুর রেজা ও আকবর হোসেন প্রমুখ।

