রাজধানীর বাউনিয়া মৌজার কালশি এলাকায় আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের জমি পরিকল্পিতভাবে দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ এই জমি নিয়ে একটি অসাধু চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ওয়াকফ স্টেটের বেশ কিছু জমি দখল হয়েছিল। বর্তমানে আবারও একটি প্রভাবশালী মহল বিএনপির নাম ভাঙিয়ে জমিগুলো দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ২৫ তারিখ সন্ধ্যায় পরিকল্পিতভাবে আগুন লাগানো হয় এবং প্রায় ৪০ বছর ধরে বসবাসরত বহু পরিবারকে উচ্ছেদ করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, এ ধরনের কর্মকাণ্ড বর্তমান সরকারকে বিব্রত ও বিপদে ফেলার অপচেষ্টার শামিল।
অনুসন্ধানে জানা যায়, সংশ্লিষ্ট জমি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলা নং- ১৫২১/২০২১ চলমান আছে। এছাড়া জমিটির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা ও স্ট্যাটাসকো বহাল রয়েছে। ফলে বিচারাধীন অবস্থায় জমির ওপর যেকোনো ধরনের কার্যক্রম আইনত নিষিদ্ধ বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
ভুক্তভোগী ও এলাকাবাসী অবিলম্বে আগুন, উচ্ছেদ ও দখলচেষ্টার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।