
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে সংঘটিত চাঞ্চল্যকর নৌ-ডাকাতির ঘটনার মূলহোতা ও শীর্ষ ডাকাত দ্বীন ইসলাম ওরফে ধীরাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৪ মে) সকালে আশুগঞ্জ বাজার এলাকা থেকে কিশোরগঞ্জের ভৈরব নৌ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম ওরফে ধীরা আশুগঞ্জ উপজেলার চরচারতলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের সময় ধীরার হেফাজত থেকে ডাকাতি হওয়া লুটের মালের অংশ হিসেবে নগদ ১ লাখ ৭০ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
নৌ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে ভোর সোয়া ৫টার দিকে ভৈরব বাজারের ‘এন এম ব্রাদার্স’ নামের একটি বাদাম ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ ১০ জন কর্মচারী নৌকাযোগে ভৈরব বাজার নৌবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাইশমৌজা হাটের উদ্দেশ্যে রওনা হন। সকাল ৬টার দিকে তাদের নৌকাটি আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় পৌঁছালে ইঞ্জিনচালিত স্পিডবোট ও নৌকা নিয়ে একদল সশস্ত্র ডাকাত তাদের অবরুদ্ধ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নৌকায় থাকা বাদাম বিক্রির বস্তাভর্তি নগদ ৩৫ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পরপরই খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ দল দ্রুত স্পিডবোট নিয়ে মেঘনা নদীর মাঝখান থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে। ওই দিন দুপুরে ভৈরব বাজারের ব্যবসায়ী শামীম আহমেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভৈরব নৌ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের এক সপ্তাহের মাথায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ভৈরব নৌ থানা পুলিশ আশুগঞ্জে অভিযান চালিয়ে ডাকাত সর্দার ধীরাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসি মনিরুজ্জামান বলেন, “গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম ওরফে ধীরা মেঘনা নৌপথের একজন শীর্ষ ডাকাত। তার নেতৃত্বেই মূলত এই নৌ-ডাকাতির ঘটনাটি সংঘটিত হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
তিনি আরও জানান, এই চক্রের সাথে জড়িত অন্য ডাকাতদের গ্রেপ্তার এবং লুটের বাকি টাকা উদ্ধারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত ধীরাকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

