
এস এম দৌলত-বগুড়া
বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর চার বছরের শিশু কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ সোমবার (২৫ মে) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে আনিসুর রহমান (৩৫) এবং তাঁর ৪ বছর বয়সী কন্যাসন্তান আয়েশা খাতুন। এই ঘটনায় আনিসুর রহমানের স্ত্রী মোছাম্মত পুষ্পা আক্তার গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আনিসুর রহমান তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলযোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৭টার দিকে শাজাহানপুর থানাধীন বনানী বাইপাস এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান ও তাঁর শিশুকন্যা আয়েশা মারা যায়।
দুর্ঘটনায় আনিসুরের স্ত্রী পুষ্পা আক্তার গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
শাজাহানপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানটি উদ্ধার এবং নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

