
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মাসুম মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
আজ রবিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুম মিয়া দরুইন গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সারাদিন কাজ শেষে বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন মাসুম মিয়া। পথে দরুইন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি দ্রুতগামী আন্তঃনগর ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং মাসুম মিয়ার মরদেহ শনাক্ত করেন। পরে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

