
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত থাকলেও আগের দিনের তুলনায় যমুনা সেতুতে কিছুটা কমেছে যানবাহনের চাপ। তবে যানবাহন কমলেও ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত মিলিয়ে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্ব প্রান্ত দিয়ে চলাচল করেছে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা।
অন্যদিকে, পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। এ দিক থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা টোল। ফলে দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা।
তথ্যমতে, এর আগের দিন শুক্রবার (২২ মে) একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছিল। ওইদিন টোল আদায় হয়েছিল ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার কমেছে ২ হাজার ৩১৭টি এবং টোল আদায় কমেছে ২৭ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর উভয় প্রান্তে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। যানজট এড়াতে ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ মাধ্যম যমুনা সেতু। ঈদকে ঘিরে প্রতি বছরের মতো এবারও সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

