
মাসুম বিল্লাহ, খুলনা :
খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকার জয়খালী ব্রিজ সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৩৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৪ মে) ভোরে নৃশংস এই হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়।
নিহত ডালিম গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজের জন্য মসজিদের ইমাম ও মুসল্লিরা এসে বারান্দায় ডালিম গাজীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সিআইডি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করার পর পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, গভীর রাতে বা ভোরের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে মাথায় ও গলায় আঘাত করে হত্যা করে মরদেহ মসজিদের বারান্দায় ফেলে রেখে যায়। ঘটনাস্থল থেকে রক্তমাখা ইট ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।

