
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহ শৈলকূপা উপজেলা শহরে গুরুত্বপূর্ণ চার রাস্তার মোড় থেকে কবিরপুরের প্রধান সড়কটি যেন অপরিকল্পিত ব্যবসায়ীদের দখলে চলে গেছে । বিশেষ করে সড়কের উপর প্রকাশ্যে মোটরসাইকেলের মেরামত এর কাজ প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ, পথচারী,শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও যানবাহন চালকেরা।
সরেজমিনে দেখা যায়, সড়কের একাংশ দখল করে মোটরসাইকেল মেরামতের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও বিকল মোটরসাইকেল ফেলে রাখা হয়েছে। এ ছাড়াও রাস্তার উপর ফলের হাট, ডিম বিক্রেতাদের দোকান এবং গাড়াগঞ্জগামী অটোরিকশা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসব অব্যবস্থাপনাই বর্তমানে জনভোগান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষ করে শনি ও মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন এ ভোগান্তি চরম আকার ধারণ করে। ওই দিনগুলোতে সড়কের দুই পাশজুড়ে অস্থায়ী দোকান, যানবাহনের চাপ ও অবৈধ দখলের কারণে সাধারণ মানুষের চলাচল প্রায় অসহনীয় হয়ে পড়ে। অনেক সময় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগীবাহী যানবাহন ও জরুরি সেবার গাড়িকেও দীর্ঘ সময় আটকে থাকতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোন পদক্ষেপ নেই। ব্যস্ত সময়ে নারী, শিশু ও বয়স্কদের রাস্তা পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, এটা কোন নিয়মে চলছে? রাস্তা কি মানুষের চলাচলের জন্য, নাকি ব্যবসার জন্য? দিনের পর দিন সড়ক দখল করে ব্যবসা চললেও দেখার যেন কেউ নেই।
স্থানীয়দের দাবি, দ্রুত সড়ক দখল মুক্ত করে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

