
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহের কালিগন্জ উপজেলা খালকোলা গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিন থেকে মো. রহমান (৫৫) নামের এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে উপজেলার খালকোলা গ্রামের মাঠের মধ্যবর্তী সড়ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত রহমান পার্শ্ববর্তী মাগুরা জেলার আড়পাড়া এলাকার ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন দিন ধরে একটি ট্রাক খালকোলা গ্রামের মাঠের পাশে রাস্তার ধারে দাড়িয়ে ছিল। প্রথমদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের তেমন সন্দেহ না হলেও দুপুরের পর ট্রাকটির কেবিন থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে স্থানীয়রা কাছে গিয়ে বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকের কেবিন খুলে রহমান নামের ওই চালকের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় কয়েকজন জানান, ট্রাকটি কয়েকদিন ধরে একই স্থানে দাড়িয়ে থাকলেও কেউ ভেতরে কোনো সাড়া-শব্দ পাননি। দুর্গন্ধ বের হওয়ার পরই মূলত বিষয়টি সবার নজরে আসে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে নানা ধরনের আলোচনা হচ্ছে। তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন মোবাইলে জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই চালকের মৃত্যু হয়েছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, ট্রাকটি কেন ওই জায়গায় দাড়িয়ে ছিল এবং মৃত্যুর আগে চালকের সঙ্গে অন্য কেউ ছিল কিনা, সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

