
নিজস্ব প্রতিনিধি :
রাজধানীর Pan Pacific Sonargaon Dhaka হোটেলে আজ উন্নয়ন সংস্থা Development Organisation of the Rural Poor (DORP)-এর উদ্যোগে “জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর তামাক কর ও মূল্য বৃদ্ধি” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন।
সভায় বক্তারা বলেন, তামাকজাত পণ্যের সহজলভ্যতা কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর তামাক কর ও মূল্য বৃদ্ধি এখন সময়ের দাবি। বিশেষ করে তরুণ সমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “তামাক শুধু একজন ব্যক্তির স্বাস্থ্য নষ্ট করে না, এটি একটি পরিবার ও সমাজের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। জনস্বাস্থ্য রক্ষায় তামাকের ওপর কার্যকর কর আরোপ ও মূল্য বৃদ্ধি অত্যন্ত জরুরি। সরকার ইতোমধ্যে জনস্বাস্থ্য সুরক্ষায় নানা পদক্ষেপ গ্রহণ করেছে, তবে এ বিষয়ে আরও কঠোর ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে তামাকমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধি এবং কঠোর নীতিমালা বাস্তবায়নের বিকল্প নেই। তামাক নিয়ন্ত্রণে সরকার ও বেসরকারি সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণে কার্যকর করনীতি বাস্তবায়নের মাধ্যমে একটি সুস্থ ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

