
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
ঢাকার মিরপুরের পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার রামিসার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে বৃহস্পতিবার দুপুরে শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা।
বক্তারা বলেন, মিরপুরের পল্লবীতে রামিসাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বর্বরোচিত এবং হৃদয়বিদারক। অপরাধীরা হত্যাকাণ্ড ঘটিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের সচেতন সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না। প্রশাসনকে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে মূল আসামিদের আইনের আওতায় আনতে হবে।
”রামিসা শুধু একটি পরিবারের সন্তান ছিল না, সে আমাদের সমাজেরই অংশ। এই জঘন্য হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবার যেন দ্রুত ন্যায়বিচার পায়, সরকারকে তা নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।”
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তারা আরও বলেন, অপরাধীরা পার পেয়ে গেলে সমাজে এ ধরনের অপরাধের প্রবণতা আরও বেড়ে যাবে। তাই দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে একটি নজির সৃষ্টি করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে এলাকার সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নিয়ে রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

