
আল মুজাহিদ-যশোর যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন কোর্সের ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে এ জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রশিক্ষণ সম্পন্নকারী ক্যাডেটদের মধ্যে পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করা হয়।
বিমান বাহিনীর ৮৭তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি এবং এসপিএসএসসি কোর্সের ক্যাডেটরা এ কুচকাওয়াজে অংশ নেন। নারী কর্মকর্তাসহ মোট ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন বলে জানা গেছে। কুচকাওয়াজ পরিচালনা করেন ক্যাডেট তানজিম উল ইসলাম।
অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথি এবং ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও শৃঙ্খলাপূর্ণ প্রদর্শনী উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

