
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে আজিমুল ইসলাম আজিম (৪০) নামে এক ব্যবসায়ীকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বুধবার (২০ মে) সকালে শহরের পৌর সুপার মার্কেটের “মেসার্স শীতল ফ্যাশন” নামের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। আহত আজিম শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা ও মো. রবিউল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে
জানা যায়, সকালে আজিম তার দোকান খুললেও তখন মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা দোকানের বন্ধ সাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে সন্দেহ করেন। পরে সাটার খুলে ভেতরে প্রবেশ করলে আজিমকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দোকানের ভেতর থেকে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটিকে ঘিরে বিভিন্ন ধরনের আলোচনা চলছে। প্রাথমিকভাবে কেউ হত্যাচেষ্টার আশঙ্কা করছেন, আবার কেউ ব্যক্তিগত বা আর্থিক সংকটজনিত কারণে আত্মহত্যার চেষ্টার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না। তবে তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন।

