
আল মুজাহিদ-যশোর
হামে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। একইসঙ্গে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে যশোরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান স্মারকলিপি গ্রহণ করেন।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের হামসহ ১০টি মারাত্মক রোগের টিকা দেওয়া হয়ে আসছে। এ কর্মসূচির জন্য সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গাভির মতো আন্তর্জাতিক সংস্থা থেকে নিয়মিত টিকা সংগ্রহ করত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার টিকার সংকট সম্পর্কে অবগত থাকার পরও সময়মতো প্রয়োজনীয় টিকা সংগ্রহে ব্যর্থ হয়।
এতে আরও উল্লেখ করা হয়, সরকার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে টিকা কেনার উদ্যোগ নিলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে যথাসময়ে তা সম্পন্ন হয়নি। ফলে টিকার মজুত সংকট দেখা দেয় এবং ২০২৫ সালের সার্বজনীন টিকাদান কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি।
সংগঠনটির দাবি, টিকাদান ব্যাহত হওয়ায় চলতি বছরের মার্চ থেকে শিশুদের মধ্যে হাম দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে বহু শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে। পাশাপাশি ওষুধ, শয্যা ও আইসিইউ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এ অবস্থায় স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়ে স্মারকলিপিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনা হয়। একইসঙ্গে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবিও জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নেতা তসলিম-উর-রহমান, কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

