
নিজস্ব প্রতিনিধি :
মানবতা, ইসলামী মূল্যবোধ ও সমাজকল্যাণে নিরলস পথচলা কাজ করছে “আস্ সুন্নাহ ইসলামী সমাজকল্যাণ পরিষদ বৃহত্তর পুরান লাউড়, তাহিরপুর”।
বর্তমান সময়ের সামাজিক অবক্ষয়, নৈতিক সংকট ও মানবিক মূল্যবোধের ক্রমাবনতির প্রেক্ষাপটে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে “আস্ সুন্নাহ ইসলামী সমাজকল্যাণ পরিষদ বৃহত্তর পুরান লাউড়”। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক ও ইসলামী আদর্শভিত্তিক সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে একটি সুন্দর, শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, দ্বীনি ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে যুবসমাজকে মাদক, সন্ত্রাস, অপরাধ, অশ্লীলতা ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে আদর্শবান, সচেতন ও দ্বীনদার প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সংগঠনটি নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বর্তমানে সমাজে নানা ধরনের অনৈতিকতা, বিভ্রান্তি ও কুসংস্কার বৃদ্ধি পাচ্ছে। একদিকে যেমন মাদক ও অপরাধ যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, অন্যদিকে ইসলামের সঠিক জ্ঞান ও নৈতিক শিক্ষার অভাবে সমাজে পারিবারিক ও সামাজিক অস্থিরতা বাড়ছে। এমন পরিস্থিতিতে কুরআন ও সুন্নাহভিত্তিক সঠিক দিকনির্দেশনা মানুষের কাছে পৌঁছে দেওয়া সময়ের গুরুত্বপূর্ণ দাবি। সেই লক্ষ্য নিয়েই “আস্ সুন্নাহ ইসলামী সমাজকল্যাণ পরিষদ বৃহত্তর পুরান লাউড়” সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে।
সংগঠনটি শুধু দ্বীনি সচেতনতা নয়, মানবিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতা, রোগী সহায়তা, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতামূলক প্রচারণা এবং বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
এছাড়াও সমাজে বিদ্যমান কুসংস্কার, বিদআত, দুর্নীতি, অন্যায় ও বিভ্রান্তিকর মতবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং ইসলামের সৌন্দর্য ও শান্তির বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার কাজও সংগঠনটি নিয়মিতভাবে পরিচালনা করছে। তারা বিশ্বাস করে, একটি আদর্শ সমাজ গঠনের জন্য শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; প্রয়োজন নৈতিকতা, মানবতা, ধর্মীয় মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বিকাশ।
সংগঠনের নেতৃবৃন্দ আরও বলেন, “আমাদের লক্ষ্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীগত স্বার্থ নয়; বরং সমাজের সামগ্রিক কল্যাণ, মানবসেবা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা চাই এমন একটি সমাজ, যেখানে মানুষ মানবিক হবে, যুবসমাজ আদর্শবান হবে, অন্যায় ও দুর্নীতি কমবে এবং ইসলামের সুশীতল ছায়ায় মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করবে।”
তারা সমাজের সর্বস্তরের মানুষ, আলেম-উলামা, শিক্ষিত যুবসমাজ ও সচেতন নাগরিকদের সংগঠনের কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা ও দোয়া কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতেও মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

