
মাসুম বিল্লাহ, খুলনা:
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের গুরুত্বপূর্ণ সাধারণ সভা আজ রোববার (১৭ মে) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ও জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এবং দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।
সভায় সভাপতিত্বকালে জেলা প্রশাসক হুরে জান্নাত অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোনোভাবেই রাস্তার ওপর বা সড়ক ও জনপথের জায়গায় কোরবানির পশুর হাট বসানো যাবে না। তিনি বলেন, হাটে আগত ক্রেতা-বিক্রেতা এবং গবাদিপশুবাহী যানবাহনের কারণে যেন সড়কে কোনো ধরনের কৃত্রিম যানজট বা বিশৃঙ্খল জটলার সৃষ্টি না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে। এই লক্ষ্যে প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জরুরি ও কঠোর নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।
সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম আসন্ন ঈদুল আযহার কোরবানির পশুর সঠিক পরিসংখ্যান ও প্রস্তুতি তুলে ধরেন বলেন, মোট কোরবানিযোগ্য পশুর প্রাপ্যতা: ১,৬৩,২২৯টি, পশুর স্থানীয় মোট চাহিদা: ১,৫৪,৪৫৬টি, উদ্বৃত্ত পশুর সংখ্যা: ৮,৭৭৩টি
খুলনা জেলায় এবার স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ২৫টি কোরবানির পশুর হাট বসবে।কোরবানির হাটে পশুর স্বাস্থ্য পরীক্ষা ও তাৎক্ষণিক চিকিৎসায় ২৫টি হাটের জন্য মোট ৩১টি বিশেষ ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

