
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
দায়িত্ব কিংবা পদ-পদবির ক্ষমতা যখন পেয়ে বসে, মানুষ তখন তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। আর যখন আঁকড়ে ধরে রাখতে চায়, তখন কালের স্রোতে তাকে ভেসে যেতে হয়, তার অস্তিত্বও থাকে না। তাই ক্ষমতার মোহ নয়, বরং কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই।”
আজ রবিবার (১৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিয়া পাঠান পাপন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকায় এসে এক ব্যস্ততম দিন পার করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাদিয়া পাঠান পাপন জানান, আগামীকাল সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি মনোনীত ৩৬ জন নারী সংসদ সদস্যের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা রয়েছে। এই সভা শেষ হওয়ার পর থেকেই তিনি সংসদ সদস্য হিসেবে তাঁর আনুষ্ঠানিক কার্যক্রম পুরোদমে শুরু করবেন।
তিনি আরও জানান, তৃণমূল বা ইউনিয়ন পর্যায় থেকে রাজনীতি করে আজ তিনি মহানগর বিএনপির কমিটিতে স্থান করে নিয়েছেন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে তাকে যে ১১টি সংসদীয় আসনের বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি সততার সাথে পালন করতে চান। বিশেষ করে এই আসনগুলোর অবহেলিত নারী ও শিশুদের জীবনযাত্রার মানোন্নয়নে তিনি নিবেদিতভাবে কাজ করে যাবেন।
আজ রবিবার সকাল থেকেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন এই নারী সংসদ সদস্য।
হেফাজত মহাসচিবের পরিবারের সঙ্গে সাক্ষাৎ: সকালে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়েখ সাজিদুর রহমানের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও কুশল বিনিময় করেন।
এরপর তিনি শহরের ফারুকি পার্কস্থ স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রশাসনের সাথে মতবিনিময়: শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য ও মতবিনিময় সভায় মিলিত হন।
সবশেষে দুপুর দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে গিয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

