
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহ শৈলকূপা উপজেলা কৃষি অফিসের অবব্যবহৃত ও অযত্নে পড়ে থাকা একটি ছাদ এখন সবুজে ঘেরা দৃষ্টিনন্দন বাগানে পরিণত হয়েছে। এই ব্যতিক্রমী উদ্যোগে নেতৃত্ব দিয়েছেন ঝিনাইদহ শৈলকূপা উপজেলার কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান।
জানা গেছে, ২০২৪ সালের ৮ আগস্ট শৈলকুপা উপজেলায় যোগদানের পর উপজেলা কৃষি অফিস ভবনের ছাদটি তার নজরে আসে। দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা ছাদটি দেখে তিনি সেখানে সবুজের ছোঁয়া দেওয়ার পরিকল্পনা করেন। পরে নিজ উদ্যোগে বিভিন্ন জাতের ফুল, শাক-সবজি, মসলা ও ফলl গাছ রোপণ শুরু করেন। ধীরে ধীরে সেই ছাদ এখন পরিণত হয়েছে এক মনোমুগ্ধকর ছাদবাগানে।
এই ছাদবাগানে বিভিন্ন জাতের ফুলের মধ্যে রয়েছে গোলাপ, হাসনাহেনা, গন্ধরাজ, এডেনিয়াম, জবা ও বেলী। ফলজ গাছের মধ্যে রয়েছে আম, লেবু, মাল্টা, থাই শরিফা, আঙুর, মালবেরি ও বেদানা। এ ছাড়াও মসলাজাতীয় গাছের মধ্যে রয়েছে এলাচ, কারিপাতা, আদা, হলুদ, একানি ও লেমন গ্রাস।
বর্তমানে কৃষি অফিসের এই ছাদবাগান দেখতে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসছেন। বিশেষ করে তরুণ সমাজ ও গৃহস্থ পরিবারের মধ্যে ছাদবাগান তৈরির আগ্রহ বাড়ছে। অনেকেই এই উদ্যোগ দেখে নিজেদের বাড়ির ছাদেও সবজি, ফল ও মসলাজাতীয় গাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
স্থানীয়রা বলছেন, শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, ছাদবাগান পরিবেশ রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি কর্মকর্তার এমন উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, ‘শৈলকুপা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের ছাদসহ সাধারণ মানুষের বাড়ির ছাদে বাগান গড়ে তুলতে চাই। কেউ ছাদবাগান করতে আগ্রহী হলে আমি ব্যক্তিগতভাবে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও নানা ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছি।’
তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এমন কার্যক্রম পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের মধ্যে কৃষির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।

