
মো: আল-মাহফুজ শাওন :
খুলনা জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ফিরোজ আহমেদকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির সিনিয়র নেতাদের মধ্য থেকে আবু জাফরকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। সংগঠনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম ও দলীয় নির্দেশনা অমান্যের অভিযোগ ওঠে ফিরোজ আহমেদের বিরুদ্ধে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে তাকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর আবু জাফর বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার ওপর যে আস্থা রেখেছেন, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন। খুলনা জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এ সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খুলনা জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।

