
মোঃ তরিকুল ইসলাম খান
ভারতের তামিলনাড়ু রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর নাগরিক অধিকার রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তার সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
মুখ্যমন্ত্রী বিজয় সতর্ক করে বলেন, রাজ্যে কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা, সংখ্যালঘু নির্যাতন কিংবা আইনশৃঙ্খলা ভঙ্গের ঘটনা বরদাশত করা হবে না। তিনি জোর দিয়ে বলেন, “তামিলনাড়ুতে সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। কেউ যদি অন্যায়ভাবে নিরীহ মানুষের ওপর অত্যাচার চালায়, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই থালাপতি বিজয় সামাজিক সম্প্রীতি ও মানবাধিকারের প্রশ্নে কঠোর বার্তা দিয়ে আসছেন। তার এই বক্তব্যকে রাজ্যের আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

