
মাসুম বিল্লাহ, খুলনা:
খুলনা মহানগরীর আড়ংঘাটা লতার মোড় বাইপাস এলাকায় গতকাল ২২ এপ্রিল বুধবার এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় শেখ রুশাদ (২৭) নামের এক যুবক তার বাম পা হারিয়েছেন। একই দুর্ঘটনায় তার বাবা শেখ ওমর ফারুখ (৬৫)-ও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা দুজনই রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে রুশাদ তার বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে লতার মোড় বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একই সময়ে একটি দ্রুতগামী ট্রাক আসছিল এবং রাস্তা পার হচ্ছিলেন এক বৃদ্ধ। ওই বৃদ্ধকে বাঁচাতে গিয়ে এবং ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে রুশাদ মোটরসাইকেলটি সাইড দিতে যান। কিন্তু সড়কের ওই অংশটি দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় চাকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সযোগে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে চিকিৎসকরা তাদের জরুরি ভিত্তিতে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) রেফার করেন।
পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরেও রুশাদের বাম পা রক্ষা করা সম্ভব হয়নি। অস্ত্রোপচারের মাধ্যমে তার হাঁটুর ওপর থেকে বাম পা কেটে ফেলতে হয়েছে। বাবা ওমর ফারুখের অবস্থাও এখনো আশঙ্কামুক্ত নয়।
লতার মোড় এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, বাইপাস সড়কের এই অংশে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত ও ভাঙা অংশ রয়েছে। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়া ভারী যানবাহনগুলো এই মোড়ে অত্যন্ত বেপরোয়া গতিতে চলাচল করে, যা দুর্ঘটনার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা অবিলম্বে সড়ক সংস্কার এবং গতি নিয়ন্ত্রণে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
রুশাদের পা হারানোর সংবাদে তার পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হওয়ার খবর পাওয়া যায়নি।

