
বড় ভাইকে পিটিয়ে হত্যা,দীর্ঘ আড়াই মাস পর ঘাতক ছোট ভাই গ্রেপ্তার
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে রডের আঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত ছোট ভাই আলকাছ মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার (৭ মে) দিবাগত গভীর রাতে নরসিংদী জেলা এলাকায় র্যাব-৯ ও র্যাব-১১-এর একটি যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জমিজমা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে ছোট ভাই আলকাছ মিয়া ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে বড় ভাইয়ের মাথায় ও শরীরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
হত্যাকাণ্ডের পরদিন ১৯ ফেব্রুয়ারি নিহতের ছেলে মোস্তফা কামাল বাদী হয়ে চাচা আলকাছ মিয়াকে একমাত্র আসামি করে নবীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আলকাছ মিয়া পলাতক ছিলেন এবং বারবার নিজের অবস্থান পরিবর্তন করে আসছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (এসআই) খুরশিদ আলম জানান, দীর্ঘ আড়াই মাস ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। র্যাবের হাতে গ্রেপ্তারের পর তাকে নবীনগর থানায় হস্তান্তর করা হয়।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে সোপর্দ করা হচ্ছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা রিমান্ডে পেলে খতিয়ে দেখা হবে।

