
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে নির্যাতনের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ কাটা চুল ও রক্তাক্ত শরীর নিয়ে মঙ্গলবার (৫ মে) সকালে আখাউড়া থানায় হাজির হয়ে পুলিশের কাছে অভিযোগ দেন।
নির্যাতনের শিকার ওই গৃহবধূর বাড়ি উপজেলার আজমপুর এলাকায়। অভিযুক্ত স্বামীর নাম দ্বীন ইসলাম প্রকাশ দিনু। তিনি উপজেলার রামধননগর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবার জানান, বিয়ের পর থেকেই স্বামী দ্বীন ইসলাম ও তার পরিবারের লোকজন যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিল। এই টাকা দিতে অস্বীকৃতি জানালে গৃহবধূর ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) সকালে তাকে মারধর করা হয় এবং একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয়।
পরে খবর পেয়ে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
থানায় উপস্থিত হয়ে ওই গৃহবধূ নির্যাতনের বর্ণনা দেন এবং তার কাটা চুল পুলিশের টেবিলে উপস্থাপন করেন।
গৃহবধূর মা ও ভাই জানান, যৌতুকের জন্য এ ধরনের বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছে। তারা ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা শেষে এ বিষয়ে আখাউড়া থানায় লিখিত অভিযোগ করবেন এবং অভিযুক্ত স্বামীসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত স্বামী দ্বীন ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত তা বন্ধ পাওয়া যায়।
ঘটনার বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ‘মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। ঘটনার পর থেকেই স্বামীসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।’

