
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় সন্ধ্যা থেকে রাতভর বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোট ৬ (ছয়) জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় শৈলকুপা শহরের সিনেমাহল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মারুফ মিয়া (৩০) নামে এক যুবককে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
মারুফের বাড়ি শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
একই অভিযানের ধারাবাহিকতায় রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই আবুল কালাম আজাদ ও এএসআই মো. আকরামুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাতে অভিযান চালিয়ে শেখপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. আনোয়ার জোরদার ও রইচ মোল্লাকে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
এছাড়া রাতের পৃথক আরেকটি অভিযানে শাখাওয়াত হোসেন (৩৫), সুমন বিশ্বাস (২০) এবং নুরুদ্দিন (২৫) এই তিনজনকে লাঙ্গলবাধ এলাকা থেকে ৩০০ (তিনশত) গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক ৬ (ছয়) জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো বলেন, প্রশাসন মাদকের ওপর উপরে কড়া ভাবে নজরদারি করছেন। আইন মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

