খুলনার ঐতিহ্যবাহী সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন গেট ও সাইকেল শেড নির্মাণ কাজের উদ্বোধন, বৈশাখী মেলা এবং বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রোববার (০৩ মে) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজ দক্ষিণবঙ্গের শ্রমিক অধ্যুষিত অঞ্চলের অন্যতম একটি স্বনামধন্য বিদ্যাপীঠ। শিল্প এলাকায় অবস্থিত হওয়ায় এই প্রতিষ্ঠানটি স্থানীয় সাধারণ মানুষের সন্তানদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি আদর্শ ঠিকানায় পরিণত হয়েছে। প্রতিবছর এখান থেকে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে।”
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও যত্নবান ও আন্তরিক হতে হবে।” এ সময় তিনি কলেজের অবকাঠামোগত সমস্যা সমাধানে ভবিষ্যতে আরও উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আবুল বাসার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান মোঃ সোহরাব হোসেন, অন্তঃকক্ষ ক্রীড়া উপ-কমিটির আহবায়ক মোঃ বায়েজীদ হোসাইন এবং সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সম্পাদক নেহাল উদ্দীন মুন্সী।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৈশাখী মেলা পরিদর্শন করেন এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে মেডেল ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।