ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরে হৃদয় মিয়া (অটোরিকশা চালক) নামে এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। রোববার (৩ মে) সকাল ১১টার দিকে পৌর এলাকার জমিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত হৃদয় মিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজয়পাড়া এলাকার রহিছ মিয়ার ছেলে। বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
ভুক্তভোগীর বড় ভাই নূরে আলম জানান, তার ছোট ভাই হৃদয় প্রতিদিনের মতো রোববার সকালে অটোরিকশা নিয়ে বের হন। এ সময় নবীনগর কলেজপাড়ার বাসিন্দা বাবু ও তার সহযোগীরা অটোরিকশায় চালের বস্তা নেওয়ার কথা বলে হৃদয়কে জমিদার বাড়ির রাস্তায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
এ বিষয়ে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।