
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কান্দিপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান বাবু (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান বাবু ওই এলাকার মুছা মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রায়হান বাবু সুস্থ অবস্থায় বাড়ি থেকে বের হয়েছিলেন। সকাল ১১টার দিকে হঠাৎ ঝড় শুরু হলে তিনি একটি পরিত্যক্ত বাড়ির দেয়ালঘেঁষা বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে আসেন। ঝড়ের কারণে খুঁটিটি আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে থাকায় স্পর্শ লাগার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ ও নিহতের পরিবারকে খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। নিহতের বড় ভাই মামুন মিয়া জানান, ঝড়ের সময় খুঁটিটি বিদ্যুতায়িত হয়ে থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই রায়হান বাবুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

