
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএ। মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবার।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের মাঝে সহায়তার চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ গাইবান্ধা সার্কেলের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় বিআরটিএ’র কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের পরিবারকে জনপ্রতি ৫ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া গুরুতর আহত স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত ৩ জনকে জনপ্রতি ৩ লাখ টাকা করে ৯ লাখ টাকা এবং গুরুতর আহত আরও ৪ জনকে জনপ্রতি ১ লাখ টাকা করে ৪ লাখ টাকা দেওয়া হয়।
সবমিলিয়ে ১৩ জনের মধ্যে মোট ৪৩ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা কিছুটা লাঘব করবে বলে আশা করা হচ্ছে।

