
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তীব্র তাপদাহ ও দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় সরাইল থানার তিন পুলিশ সদস্য জ্ঞান হারিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে থানার ভেতর দায়িত্ব পালনরত অবস্থায় তারা অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তারা আশঙ্কামুক্ত এবং চিকিৎসাধীন রয়েছেন।
অজ্ঞান হওয়া পুলিশ সদস্যরা হলেন— বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)। সহকর্মীরা জানান, সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত টানা লোডশেডিং চলায় থানার ভেতরে ভ্যাপসা গরমের সৃষ্টি হয়। রাত বাড়ার সাথে সাথে তীব্র গরমে তারা তিনজনই হঠাত অচেতন হয়ে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে অন্য পুলিশ সদস্যরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন বাবুল হোসেন বলেন:
”বিদ্যুৎ না থাকায় গরমে টেকা যাচ্ছিল না। কাজ করতে করতেই কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। পরে সহকর্মীরা মাথায় পানি দিয়ে হাসপাতালে নিয়ে এলে জ্ঞান ফেরে।”
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত গরম এবং দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকাই এই পরিস্থিতির মূল কারণ। বর্তমানে তারা সুস্থ আছেন এবং থানার সকল সদস্যদের এই বৈরী আবহাওয়ায় সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে সরাইলে ভয়াবহ লোডশেডিংয়ের কারণ হিসেবে চাহিদার তুলনায় অর্ধেকেরও কম বিদ্যুৎ সরবরাহকে দায়ী করছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সরাইল কার্যালয়ের তথ্যমতে:
মোট গ্রাহক সংখ্যা: প্রায় ৫১ হাজার।
বিদ্যুতের চাহিদা: ১৮ মেগাওয়াট।
বর্তমান সরবরাহ: ৮ থেকে ১০ মেগাওয়াট।
বিউবোর নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ জানান, চাহিদার বিপরীতে বিদ্যুৎ সরবরাহ কম থাকায় লোডশেডিং দেওয়া ছাড়া বর্তমানে আর কোনো বিকল্প নেই।
তীব্র গরমে শুধু পুলিশ সদস্য নয়, সরাইলের সাধারণ মানুষও অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিশেষ করে দীর্ঘ সময়ের লোডশেডিং জনজীবনকে স্থবির করে তুলছে।

