
সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের এক ঝটিকা অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ নাজমুল হক (৩৩) কে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৪শে এপ্রিল ২০২৬ তারিখে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও বিজয়নগর থানার অফিসার ইনচার্জের (ওসি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে এসআই মোঃ মাহবুবুল আলম ও সঙ্গীয় ফোর্স ঢাকার গাজীপুর থেকে এই দুর্ধর্ষ ডাকাতকে আইনের আওতায় আনতে সক্ষম হন।
গ্রেফতারকৃত নাজমুল হক বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পুলিশের রেকর্ড অনুযায়ী, নাজমুল হকের বিরুদ্ধে অপরাধ জগতের একাধিক ভয়াবহ তথ্য পাওয়া গেছে:
গত ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিজয়নগর থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার (মামলা নং-০৩, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড) এজাহারনামীয় আসামি তিনি।
তার বিরুদ্ধে আরও ৭টি ডাকাতিসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে ২টি ডাকাতি মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
ইতিপূর্বে গ্রেফতার হওয়া অন্য আসামিদের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ডাকাতির ঘটনায় নাজমুলের সরাসরি ও সক্রিয় অংশগ্রহণের বিষয়টি উঠে আসে।
উল্লেখ্য যে, গত ২৮ জানুয়ারি ২০২৬ দিবাগত রাতে বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের পশারচাঁদ এলাকায় কামার বাড়ি সংলগ্ন রাস্তায় একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকেই লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং অপরাধীদের ধরতে পুলিশের বিশেষ তৎপরতা শুরু হয়। এই ধারাবাহিকতায় ইতিপূর্বে ডাকাত সর্দার এমদাদুল হক মিলন ওরফে রিপন ও সোহেলসহ মোট ৭ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছিল।
বিজয়নগর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, উপজেলার জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ডাকাত ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

