টাঙ্গাইলের সখীপুরে উপজেলা পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ এপ্রিল ২০২৬ বুধবার (সকাল সাড়ে ১০টা) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকের আহমেদ, সখীপুর প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবুর রেজা এবং উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মো. ডালিম মিয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন মিল্টন।
সভায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-প্রতিনিধি এবং ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের দক্ষ খেলোয়াড় ও ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশ নিশ্চিত করতে সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।
এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ এপ্রিল উপজেলা পরিষদ মাঠে সম্ভাবনাময় খেলোয়াড়দের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় পর্যায়ে উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।