
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলায় নিরাপত্তা বিধি লঙ্ঘন করে অবৈধভাবে জ্বালানি তেল (ডিজেল) পরিবহনের দায়ে বাবা ও ছেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক ও জরিমানা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঠপট্টি এলাকা থেকে ফুলছড়ির উদ্দেশ্যে একটি ভ্যানে করে বিপুল পরিমাণ ডিজেল নিয়ে যাওয়া হচ্ছিল। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই খোলা ড্রামে দাহ্য পদার্থ পরিবহন করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।
সংবাদ পেয়ে সদর উপজেলা প্রশাসনের একটি দল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে ভ্যানটিকে গতিরোধ করে। এসময় তল্লাশি চালিয়ে ৭টি ড্রামে মোট ৪২৫ লিটার ডিজেল জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর আলম বাবু জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে দাহ্য পদার্থ পরিবহনের অপরাধে অভিযুক্ত মানিক রায় চৌধুরী ও তার ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দকৃত ডিজেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
ম্যাজিস্ট্রেট আরও বলেন:
”আমরা সংবাদ পেয়ে দ্রুত টিমসহ অভিযান পরিচালনা করি। অভিযুক্তরা অবৈধভাবে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই তেল নিয়ে যাচ্ছিল। তাদের জরিমানা করার পাশাপাশি জব্দকৃত তেল একটি তিন সদস্যের কমিটির মাধ্যমে প্রকৃত কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”
নিরাপত্তা তোয়াক্কা না করে এভাবে দাহ্য পদার্থ পরিবহনের ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। দাহ্য পদার্থ নিয়ন্ত্রণে প্রশাসনের এমন কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

