
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধায় ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (২১ এপ্রিল) শহরের ব্রিজ রোড এবং পূর্বপাড়া এলাকায় এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গাইবান্ধা শহরের ব্রিজ রোডস্থ ‘কাজল ট্রেডার্স’-এ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে ভোজ্য তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্বপাড়া এলাকার ‘হক এন্টারপ্রাইজ’-এর গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ নারিকেল তেল মজুত পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৩, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। অভিযানে আরও উপস্থিত ছিলেন র্যাবের উপ-সহকারী পরিচালক জিয়াদ হাসান ও নওশের আলীসহ র্যাবের অন্যান্য সদস্যরা।
এএসপি আবুল কালাম আজাদ জানান, পবিত্র রমজান ও বর্তমান বাজার পরিস্থিতির সুযোগ নিয়ে যারা অসাধু পন্থায় পণ্য মজুত বা অতিরিক্ত মূল্য আদায় করবে, তাদের বিরুদ্ধে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

