
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
সারা দেশের মতোই ঝিনাইদহ শৈলকূপ উপজেলায় আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা। এবছর ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় মোট ১০ (দশ) টি কেন্দ্রে অংশ নিতে যাচ্ছে ৪,১৪০ (চার হাজার একশত চল্লিশ) জন পরীক্ষার্থী। শান্তিপণ্য ও নকলমুক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
উপজেলার বেণীপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩৫ জন, শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫১৫(পাঁচশত পনের) জন, গাড়াগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৫২৮ জন, কাতলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫১ (দুইশতএকান্ন) জন, উমেদপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৩১ জন, বাগুটিয়া কেন্দ্রে ৩৬৪ জন, শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৬২৩(ছয়শত তেইশ) জন, গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৬৭ জন, শৈলকুপা ফাজিল মাদ্রাসা (দাখিল) কেন্দ্রের ভেন্যু শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে ৪২১(চারশত একুশ) জন এবং এসএসসি ভোকেশনাল কেন্দ্র (শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়)-এর ভেন্যু শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে ৪০৫ জন পরীক্ষার্থী অংশ নেবে।
প্রত্যেক কেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি মাথায় রেখে এলইডি লাইটের ব্যবস্থা রাখা হয়েছে এবং পরীক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা রাখা হয়েছে।

