
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের কড়িকান্দি ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) কাজী ছানোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কড়িকান্দি ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক সময়ে ৯ নং ওয়ার্ডের ‘মা এন্টারপ্রাইজ’ নামক মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন ওই দুই নারীকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাদের হেফাজত থেকে মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন:
হাফিজা আক্তার রিংকি (২২): নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার স্বল্পেরচক এলাকার বাসিন্দা।
সাবিনা আক্তার (১৮): একই এলাকার বাসিন্দা।
অভিযান শেষে পুলিশ উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে একটি তালিকা প্রস্তুত করেছে। বাঞ্ছারামপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে থানার পক্ষ থেকে জানানো হয়েছে।

