
মোঃ তারিকুল ইসলাম খান
সরকার জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করলেও রাজধানীর খুচরা বাজারে সেই নির্দেশনা যথাযথভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে বিভিন্ন এলাকায় পরিদর্শনে দেখা যায়, নির্ধারিত দামের তুলনায় এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে।
শ্যামলী, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান এবং চন্দ্রিমা মডেল সিটি এলাকায় ঘুরে দেখা যায়, অধিকাংশ খুচরা বিক্রেতা সরকারি নির্ধারিত মূল্য উপেক্ষা করে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করছেন। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
দৈনিক জন জাগরণ পত্রিকার প্রতিনিধি সরেজমিনে তথ্য সংগ্রহকালে স্থানীয় বিক্রেতাদের সঙ্গে কথা বললে তারা দায় চাপান ডিলার পর্যায়ের ওপর। তাদের দাবি, ডিলারদের কাছ থেকেই বেশি দামে গ্যাস সরবরাহ করা হচ্ছে, ফলে তারা বাধ্য হয়ে অতিরিক্ত দামে বিক্রি করছেন।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভোক্তারা ও সচেতন মহল। তাদের মতে, বাজার মনিটরিং জোরদার না হলে সাধারণ মানুষের ওপর এ ধরনের আর্থিক চাপ আরও বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, সরবরাহ চেইনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং নিয়মিত অভিযান পরিচালনা করা গেলে এ ধরনের অনিয়ম অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

