
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল) সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রধান প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নে গণমাধ্যমে প্রচার সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদফতর ঢাকার আয়োজনে এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহযোগিতায় এই সভা আয়োজিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) ইয়াকুব আলী। তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান সরকার গঠনের মাত্র দুই মাস অতিবাহিত হলেও জনকল্যাণে বেশ কিছু উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, “ভোটের কালি এখনও মুছেনি, অথচ সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রকল্প এবং ১২ লাখ কৃষকের কৃষি ঋণ মওকুফ করে জনবান্ধব উদ্যোগের প্রমাণ দিয়েছে।”
প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার তথ্য তুলে ধরে বলেন, ২১ হাজার ১৪ জন কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হয়েছে এবং ১৫টি উপজেলায় শতভাগ কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইমাম ও মুয়াজ্জিনসহ ধর্মগুরুদের জন্য সম্মানি ও উৎসব ভাতা চালু করা হয়েছে।সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ২৫ কোটি বৃক্ষরোপনের বিশাল পরিকল্পনা রয়েছে। হজ প্যাকেজে খরচ ১২ হাজার টাকা কমানো হয়েছে এবং স্বাস্থ্য খাতে এক লাখ নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশই হবে নারী।
বিশ্বমন্দা ও যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে ইয়াকুব আলী বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যয় সংকোচন অপরিহার্য হয়ে পড়েছে। এই সুযোগে একটি গোষ্ঠী গুজব ও অপতথ্য ছড়ানোর চেষ্টা করতে পারে। তিনি সাংবাদিকদের সরকারের অংশীজন হিসেবে অভিহিত করে সঠিক তথ্য প্রচারে তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) মোছাঃ মোবাস্বেরা কাদেরী বলেন, সরকারের সেবাসমূহ যেন প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি জানান, গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য অধিদফতর ইতোমধ্যে ‘ফ্যাক্ট চেকিং’ কার্যক্রম শুরু করেছে।
সভায় গুজব প্রতিরোধ এবং কৃত্তিম বুদ্ধিমত্তা (AI) ও নিউমিডিয়ার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন উপপ্রধান তথ্য অফিসার (নিউমিডিয়া) নাসরীন জাহান লিপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন ও অর্থ) হাছিনা আক্তার।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এ এস এম কবীর। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপপ্রধান তথ্য অফিসার (মনিটরিং) অনসূয়া বড়ুয়া, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল এবং সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

