
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা প্রকৃতির টানে গাইবান্ধার যে স্থানটিকে সাধারণ মানুষ ভালোবেসে ‘মিনি জাফলং’ নাম দিয়েছিল, সেই ভেরামারা ব্রিজ এলাকাটি এখন সাধারণ মানুষের জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে। আপাতদৃষ্টিতে মনোরম এই পর্যটন কেন্দ্রে প্রতি বছরই ঝরছে তাজা প্রাণ, খালি হচ্ছে কোনো না কোনো মায়ের বুক।
ভয়াবহতার নেপথ্যে স্থানীয়দের মতে, ব্রিজের নিচের পানির গভীরতা এবং চোরাবালির মতো পরিস্থিতি এই এলাকাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বাইরে থেকে পানি শান্ত মনে হলেও নদীর তলদেশের গঠন এবং প্রবল স্রোতের টানে এখানে গোসল করতে নামা যে কারো জন্য প্রাণঘাতী হতে পারে। এলাকাবাসী জানান, প্রতি বছরই এখানে গোসল করতে এসে বা আনন্দ-ফুর্তি করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটছে। বিশেষ করে বহিরাগত পর্যটকরা এখানকার পানির গভীরতা সম্পর্কে না জেনেই বিপদে পড়ছেন।
জনসাধারণের প্রতি সতর্কবার্তা সচেতন নাগরিক সমাজ ও স্থানীয় বাসিন্দারা তীব্র উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, এই তথাকথিত ‘মিনি জাফলং’ পর্যটন নয় বরং একটি বিপদজনক এলাকায় রূপ নিয়েছে। কোনো প্রকার সুরক্ষা ব্যবস্থা ছাড়া এখানে গোসল বা পানিতে নামা মানেই মৃত্যুকে আমন্ত্রণ জানানো।
প্রশাসনের প্রতি দাবি এলাকার সচেতন মহলের দাবি, আর কোনো প্রাণহানি ঘটার আগেই প্রশাসনের পক্ষ থেকে এই এলাকাটিকে ‘বিপদজনক এলাকা’ হিসেবে ঘোষণা করা জরুরি। জনসাধারণের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা এবং সর্তকতামূলক সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা।

