
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনার ফুলতলায় বন্ধুদের মধ্যে তুচ্ছ বিবাদকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও দুই যুবক গুরুতর জখম হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার দামোদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত সাব্বির উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে। আহতরা হলেন একই এলাকার বাসিন্দা নীরব ও স্বাধীন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাব্বির ও হামলাকারীরা একে অপরের পূর্বপরিচিত এবং বন্ধু। কয়েক দিন আগে থেকেই তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে মতবিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে সেই বিরোধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে সাব্বিরের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তাকে বাঁচাতে আসা অপর দুই বন্ধুকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ ডিভিশন) আবীর সিদ্দিকী শুভ্র জানান, প্রাথমিকভাবে জানা গেছে হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা সবাই একে অপরের বন্ধু। ৪–৫ দিন আগে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। এই বিরোধের জের ধরেই আজকের এই সহিংস ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত কারণ জানানো যাবে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

