
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নে অবৈধভাবে সয়াবিন তেল প্যাকেজিং করার দায়ে একটি কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সলিমাবাদ ইউনিয়নের একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে খোলা পাম অয়েল সংগ্রহ করে তা বিভিন্ন নামী-দামি কোম্পানির মোড়কে ‘ফোর্টিফায়েড সয়াবিন তেল’ হিসেবে প্যাকেটজাত করা হচ্ছিল। এভাবে সাধারণ মানুষকে প্রতারিত করে অতিরিক্ত মূল্যে এই তেল বাজারে বাজারজাত করা হচ্ছিল।
অভিযান চলাকালীন দেখা যায়, কারখানাটির কোনো বৈধ BSTI লাইসেন্স নেই। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় জালিয়াতির হাতেনাতে প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিক বা দায়ী ব্যক্তিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
একই সাথে কারখানায় ব্যবহৃত অবৈধ মালামাল ও মোড়কীকরণ সরঞ্জাম জব্দ করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

