
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
সংস্কৃতির রাজধানী খ্যাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। আজ বেলা ১১টার দিকে উপজেলার শিবপুরে তরিকুল ইসলাম নামে এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে পেটানোর জন্য তাড়া করেছেন লোকমান হোসেন নামে এক প্রভাবশালী ঠিকাদার। একজন সরকারি কর্মকর্তার ওপর জনসম্মুখে এমন আচরণের ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শিবপুরে উন্নয়নমূলক কাজ চলাকালীন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের কোনো বিষয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মেজাজ হারিয়ে লোকমান হোসেন একটি বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা আক্ষেপ করে বলছেন, যে নবীনগরকে মানুষ শিল্প-সংস্কৃতির জন্য চেনে, সেখানে এমন “বাঁশ-সংস্কৃতি” কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই ঘটনার খবর পাওয়ার পরপরই তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। তিনি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
সাংসদ এক বিবৃতিতে জানান:
”একজন সরকারি কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালনকালে এভাবে লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”
বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী প্রকৌশলী মানসিকভাবে বিপর্যস্ত বলে জানা গেছে। পুলিশ অভিযুক্ত ঠিকাদারকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় থানা প্রশাসন।
নবীনগরের সাধারণ মানুষ আশা করছেন, দ্রুততম সময়ের মধ্যে দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকতা বা সাধারণ মানুষ এভাবে লাঞ্ছিত না হন।

