
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জনাব মোঃ আবুসাঈদ। সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম এ হান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মান্নান।
সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক বিরোধী অভিযান জোরদার করা, জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, জননিরাপত্তা জোরদার করতে জেলা পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। একইসঙ্গে সরকারি দপ্তরগুলোর সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত সংসদ সদস্যগণ জেলার উন্নয়নে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার ওপর জোর দেন এবং জনগণের জানমালের নিরাপত্তায় সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় জেলার বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।
পরিশেষে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়াকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

