
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ারসহ জেসমিন আক্তার (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি চৌকস দল পৌরসভার শীতলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে ওই এলাকার মৃত অবিদ মিয়ার মেয়ে জেসমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত নারীর ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ নিম্নোক্ত মাদকদ্রব্য উদ্ধার করে
১১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ।
৩টি বিয়ার ক্যান।
উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য পুলিশ বিধি মোতাবেক জব্দ করেছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত জেসমিন আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে আগেও একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

